এই শীতে কক্সবাজারের টেকনাফে এসেছে কাঁচা আম; বিক্রি হচ্ছে চড়া দামে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
শনিবার সন্ধ্যায় টেকনাফ বাসস্ট্যান্ডে দেখা গেছে, দোকানে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে কাঁচা আম। কিছু আম আবার বাস্কেটে সাজিয়ে রাখা হয়েছে। দাম প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা।
দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন। আবার অনেকে দু-চারটি করে কিনছেন।
জহির আহমদ নামে একজন বিক্রেতা বলেন, টেকনাফের বিভিন্ন গ্রাম থেকে আমসহ বিভিন্ন ফল কিনে এনে বাজারে বিক্রি করেন তিনি।
অসময়ের ফল হিসেবে বেশ চাহিদা আছে আমের। এবার কাঁচা আম প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
একজন আম ক্রেতা নিজেকে জিয়াউল করিম জিয়া নামে পরিচয় দিয়ে বলেন, বাসস্ট্যান্ডে হঠাৎ করে কাঁচা আম দেখলাম সন্ধ্যায়। মাঘ মাসে বাজারে আম আসার কথা না। আমার বাড়ির আশপাশে এখনও গাছে মুকুলের দেখা মেলেনি। অথচ বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে।
আগাম ফল হিসেবে এক কেজি কিনলাম। দাম নিল ৪০০ টাকা।
কাঁচা আম সাধারণত চৈত্র মাসে বাজারে ওঠে। কিন্তু টেকনাফে মাঘের শুরুতেই কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি দপ্তর।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায় বলেন, কিছু বারোমাসি আম আছে। বছরে তিনবার ফলন হয়। কিন্তু টেকনাফের গাছগুলোয় তিনবার ফলন হয় না। একবারই হয়। তাও আগাম। চৈত্রের আম মেলে মাঘ মাসে।
তবে তিনি এর কারণ বলতে পারেননি। গবেষণার মাধ্যমে এই গাছ বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে বলে তিনি জানান।