কক্সবাজারের টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে; যিনি একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে জানিয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা শরণার্থী ক্যাম্প থেকে শনিবার রাতে মোহাম্মদ রুবেলকে আটক করা হয় বলে ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।
রুবেল (২২) হ্নীলা ইউনিয়নের ২৪ লেদা ক্যাম্পের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।
তারিকুল বলেন, অপরাধ সংগঠনের জন্য কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে খবরে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ৩/৪ জন সন্ত্রাসী দৌঁড়ে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে।
পরে তার শরীরে তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি গুলি ও একটি রাম দা উদ্ধার করা হয় বলে পুলিশের এ কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, রুবেল রোহিঙ্গা এক সন্ত্রাসী বাহিনীর প্রধান। তার নামে গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। রুবেলের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।