টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ উন্মুক্ত করছে সৌদি আরব


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: August 08, 2021 11:00:04 | Updated: August 08, 2021 16:24:20


টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ উন্মুক্ত করছে সৌদি আরব

করোনাভাইরাস টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব।

৯ অগাস্ট থেকে পুরোপুরি টিকা দেওয়া ওমরাহ প্রার্থীদের আবেদন ক্রমান্বয়ে গ্রহণ করা শুরু করবে দেশটি, রোববার সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) এমনটি জানিয়েছে।

কোভিড-১৯ মহামারীর জন্য প্রায় দেড় বছর ওমরাহ পালনের জন্য বিদেশি কাউকে ভিসা দেয়নি সৌদি আরব।

এখন থেকে কোভিড-১৯ জনিত সতর্কতা মেনেই মক্কা ও মদীনা তাদের মসজিদগুলোতে বিদেশি ভ্রমণকারীদের স্বাগত জানানো শুরু করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণ ও বিদেশি ওমরাহ আবেদনকারীদের আবেদনের সঙ্গে অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদ জমা দিতে হবে।

সৌদি আরবের প্রবেশ-নিষেধের তালিকায় যেসব দেশের নাম আছে সেখান থেকে আসা টিকা নেওয়া ভ্রমণকারীদের সৌদিতে উপস্থিত হওয়ার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

মহামারীর কারণে ওমরাহ পালন কয়েক মাস পুরোপুরি বন্ধ রেখেছিল সৌদি আরব। গত অক্টোবরে দেশবাসীদের জন্য ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করেছিল কর্তৃপক্ষ।

Share if you like