টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর


এফই ডেস্ক | Published: March 24, 2021 14:43:39 | Updated: March 29, 2021 22:09:17


ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার বলেছেন, করোনাভাইরাসের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, "টিকা নিলেই যে সংক্রমণ হবে না সেটি ঠিক না। টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাছাড়া এখনও দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়নি।"

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর বার্তা সংস্থা ইউএনবির।

মন্ত্রী বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে,করোনা কেন বাড়ছে সে উৎপত্তিস্থল আগে বন্ধ করতে হবে। সেজন্য আমরা ব্যবস্থ নিচ্ছি। কোভিড উৎপত্তিস্থল বন্ধ করতে পারলে আক্রান্ত সংখ্যা কমে আসবে।

তিনি আরও বলেন, পর্যটন ও বাইরে বেশি বেড়াতে যাওয়ার জন্যই বেশি রোগী বাড়ছে । তাই পর্যটন এলাকা, বিয়ের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল সীমিত করতে হবে।

জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, সেটি যদি আরও বেশি বাড়তে থাকে তাহলে আমাদের ব্যবস্থাপনাও কুলাবে না ।

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, এমন পরিস্থিতিতে সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না।"

Share if you like