টিকা কার্ড নিয়ে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা


এফই অনলাইন ডেস্ক | Published: February 22, 2022 12:16:59 | Updated: February 22, 2022 16:49:03


ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমে আসায় তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ, এক মাস বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত কেবল তারাই ক্লাসে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে মার্চের শুরুতে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সকালে রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের টিকা কার্ড হাতে নিয়ে লাইন ধরে স্কুলে প্রবেশ করেতে দেখা যায়। টিকা কার্ড দেখার পাশাপাশি তাদের তাপমাত্রাও পরীক্ষা করা হয় স্কুলে গেইটে।

স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে আগেই ২০ দফা নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে।

এদিকে গত মাসে জারি করা বিধি-নিষেধ উঠে যাওয়ায় রেস্তোরাঁয় বসে খেতে কোনো শর্ত থাকছে না, উন্মুক্ত স্থানে সভা-সমাবেশও বাধা থাকছে না।

২০২০ সালে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু হলে মার্চের শেষ দিকে দেশজুড়ে লকডাউন জারি করা হয়, যা দুই মাসের বেশি সময় ধরে চলে। পরিস্থিতির উন্নতিতে পরে সেই বিধি-নিষেধ শিথিল হয়। গতবছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলে; জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে শুরু করলে বিধিনিষেধ ফিরিয়ে আনা হয়। ১৩ জানুয়ারি উন্মুক্ত স্থানে সব ধরনের জনসমাবেশ নিষেধ, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণে টিকার সনদের বাধ্যবাধকতা, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল এবং টিকা সনদ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের বাধ্যবাধকতাসহ ১১টি বিধি-নিষেধ জারি করে সরকার। স্কুল-কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংক্রমণ কমে আসায় গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ঘোষণা দেন, ২২ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

আর রোববার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২১ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে আর বিধি-নিষেধের মেয়াদ বাড়ছে না। তবে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবেই পালন করতে হবে সবাইকে।

আগের রুটিনে ক্লাস

সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে বন্ধের আগ পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিদিনই ক্লাস হত। আর পাঠদান হত তিন বিষয়ের। এখনও সেভাবেই চলবে। পরিস্থিতির আরও উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।

>> ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নিতে হবে

>> দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে

>>অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে

>> ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ১ দিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে

>> প্রথম থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে

>> স্ব স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখবে।

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকেই ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ও মঙ্গল ও বুধবারের মধ্যে ক্লাসে ফিরছে। বিধিনিষেধ উঠে যাওয়ায় ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পুরোদমে ক্লাস শুরু হচ্ছে।

Share if you like