Loading...

টি-টোয়েন্টি সিরিজের ‘ফাইনাল’ ম্যাচে এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

| Updated: July 25, 2021 18:13:07


টি-টোয়েন্টি সিরিজের ‘ফাইনাল’ ম্যাচে এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। শেষ ম্যাচেও টস ভাগ্যকে পাশে পেলেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

টানা তিন ম্যাচে টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সিদ্ধান্তও আগের মতোই, তারা করবেন ব্যাটিং।

১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটিই ঠিক করে দেবে সিরিজের বিজয়ী।

হেরে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে পরিবর্তন আনা হয়েছে একটি। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

মেহেদি দুই ম্যাচে বোলিং করতে পেরেছেন কেবল ১ ওভার করেছেন। ব্যাটিংয়ে একমাত্র সুযোগে গত ম্যাচে তিনে নেমে করেন ১৯ বলে ১৫।

নাসুমের টি-টোয়েন্টি অভিষেক গত মার্চে নিউ জিল্যান্ড সফরে। ওই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেট নেওয়ার পর দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য।

চোটের কারণে আগের ম্যাচের মতো শেষ ম্যাচেও একাদশে নেই লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান।

নাসুম আহমেদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের একাদশে বাঁহাতি ব্যাটসম্যান ৯ জন। এক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বাঁহাতি ব্যাটসম্যানের রেকর্ড এটি। আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশের, এই সিরিজেই দ্বিতীয় ম্যাচটিতে। যেদিন বাঁহাতি ছিল ৮ জন।

দুই ডানহাতি পেসার মোহাম্মদ সাইফ উদ্দিন ও তাসকিন আহমেদ বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় বাঁহাতির এত বেশি আধিক্য। ডানহাতি ব্যাটসম্যান কেবল অধিনায়ক মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান।

দারুণ জয় পাওয়া দ্বিতীয় ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখছে জিম্বাবুয়ে। কোনো পরিবর্তন আনা হয়নি শেষ ম্যাচের একাদশে।

বাংলাদেশ একাদশ:

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ:

টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জঙ্গুয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।

Share if you like

Filter By Topic