সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।
জিম্বাবুয়ে দলে দুই পরিবর্তন
চোটের জন্য দুটি পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে দলে। ছিটকে গেছেন রায়ান বার্ল ও টিমাইসেন মারুমা। অসুস্থতা কাটিয়ে আগেই দলে ফেরা সিকান্দার রাজা এসেছেন একাদশে। সেখানে তার সঙ্গী টিনাশে কামুনহুকামউই।
জিম্বাবুয়ে ওয়ানডে দল: ব্রেন্ডন টেইলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ওয়েসলি মাধেভেরে।
একই একাদশ নিয়ে বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় ওয়ানডেতেও পাচ্ছে না বাংলাদেশ। প্রথম ম্যাচে কব্জিতে চোট পাওয়া লিটন দাসের টান লেগেছিল কুঁচকিতে। দুটি সমস্যাই কাটিয়ে খেলছেন তরুণ এই কিপার-ব্যাটসম্যান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
টস
আগের ম্যাচে টস জিতে ব্রেন্ডন টেইলর নিয়েছিলেন বোলিং, জিম্বাবুয়ে অধিনায়ক এবার নিলেন ব্যাটিং। টস হেরে ভালোই হয়েছে বলে মনে করছেন তামিম ইকবাল। বোলিংয়ে আপত্তি নেই বাংলাদেশ অধিনায়কের।
এক যুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জয়ের হাতছানি
২০০৯ সালের পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। ২০১১ ও ২০১৩ সালে অনেক আশা নিয়ে গিয়েও ফিরতে হয়েছিল হারের হতাশা নিয়ে। ১৫৫ রানে প্রথম ওয়ানডে জেতার পর সফরকারীদের সামনে সিরিজ জয়ের হাতছানি।
হারারে স্পোর্টস ক্লাবে রোববার দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
প্রথম ম্যাচে লিটন দাসের অসাধারণ সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। পরে সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে ১২১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে শুরুতে কিছুটা ভুগলেও ম্যাচ জুড়ে বোলিং-ফিল্ডিংয়ে সফরকারীরা ছিল দুর্দান্ত। এক যুগ পরে জিম্বাবুয়েতে সিরিজ জিততে ব্যাটিং-ফিল্ডিংয়ের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি শুরুর ব্যাটিংয়েও উন্নতি চান অধিনায়ক তামিম ইকবাল।
শুধু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেই নয় বাংলাদেশের টপ অর্ডার ভুগছে বেশ কিছু দিন ধরেই। সবশেষ পাঁচ ওয়ানডেতেই একশর নিচে চার উইকেট হারিয়েছে দলটি।
“উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিনটা উইকেট পড়ে যায়, সেটা আদর্শ কিছু নয়। আমরা চেষ্টা করব, আমাদের টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি বড় ইনিংস খেলতে পারি, তাহলে দল হয়তো এমন পরিস্থিতিতে পড়বে না।”
