টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু হলো বাংলাদেশের অভিযান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়ছে মাহমুদউল্লাহর দল।
লেগ স্পিনার নিয়ে স্কটল্যান্ড
পাপুয়া নিউ গিনির বিপক্ষে একটি ম্যাচ খেলা লেগ স্পিনার ক্রিস গ্রিভস জায়গা পেয়েছেন স্কটল্যান্ড দলে।
স্কটল্যান্ড একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, জশ ডেভি, ক্রিস গ্রিভস, মিচেল লিস্ক, ক্যালাম ম্যাকলেয়ড, জর্জ মানজি, সাফিয়ান শারিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।
জায়গা হারালেন নাঈম-নাসুম, তিন পেসার নিয়ে বাংলাদেশ
উইকেটে স্পিনারদের জন্য খুব বেশি সুবিধা নেই জানে বাংলাদেশ। তাই সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে খেলা কম্বিনেশনে পরিবর্তন এনে তিন পেসার নিয়ে খেলছে তারা। মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলছেন তাসকিন আহমেদ। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মধ্যে থাকা মোহাম্মদ নাঈম শেখ জায়গা হারিয়েছেন একাদশে। লিটন দাসের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শিশিরের ভাবনায় ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় বাংলাদেশ টের পেয়েছিল শিশিরের একটা ভূমিকা থাকতে পারে রাতের ম্যাচে। সেই ভাবনা থেকে টস জিতে ফিল্ডিং নিলেন মাহমুদউল্লাহ। অধিনায়ক উইকেটে দেখছেন প্রচুর রানের হাতছানি।
আগে ব্যাটিংয়ে আপত্তি নেই স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজারের। তার বিশ্বাস, শিশিরের সঙ্গে মানিয়ে নিয়ে বোলিং করতে পারবেন তারা।
দারুণ শুরুর আশায় বাংলাদেশ
ম্যাচের আগে মুখের বুলিতে স্কটল্যান্ড একের পর এক বাউন্সার ছুড়লেও ঠেকিয়ে গেছে বাংলাদেশ। জবাবটা মাঠেই দেওয়ার লক্ষ্যের কথা বলেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সেই সময় এখন দুয়ারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দুই দলের আগের একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছিল স্কটল্যান্ড। এবারের আসরের প্রস্তুতি ম্যাচেও ভালো কিছু হয়নি। দুই হারের ধাক্কা সামাল দিয়ে নিজেদের সেরা ক্রিকেটে তাদের নজর।
অনেক ঘাটতি নিয়েই নামছেন মাহমুদউল্লাহ। পিঠের ব্যথায় অধিনায়ক নিজে খেলতে পারেননি কোনো প্রস্তুতি ম্যাচ। বেশিরভাগ ব্যাটসম্যানই পাননি রান। ভালো শুরু দিতে পারছে না উদ্বোধনী জুটি। মন্থর ব্যাটিংয়ে সমালোচনার মুখে আছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ব্যাট হাতে ছন্দে নেই মুশফিকুর রহিম, সাকিব আল হাসান।
স্পিনের জন্য খুব বেশি সহায়তা নেই এমন উইকেটে ভুগছেন নাসুম আহমেদ। ধারাবাহিকতা খুঁজছেন মুস্তাফিজুর রহমান। এই সব সমস্যা কাটিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ।