খ্যাতনামা চলচ্চিত্র স্টুডিও মেট্রো গোল্ডউইন মেয়ার বা এমজিএমকে কিনতে চাইছে অ্যামাজন। এ বিষয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র। তবে, অ্যামাজনের আলোচনার বিস্তারিত এখনও জানা যায়নি।
সোমবার এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইনফরমেশন। রয়টার্স প্রতিবেদনে উল্লেখ করেছে, শেষ পর্যন্ত কোনো চুক্তি না-ও হতে পারে। অ্যামাজন এমজিএম না কিনেও ফেরত চলে আসতে পারে।
বিখ্যাত চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ড তৈরির নেপথ্যে রয়েছে এমজিএম স্টুডিও। এ ছাড়াও দ্য উইজার্ড অফ দ্য অজ, গন উইথ দ্য উইন্ড, থেলমা অ্যান্ড লুইস, হবিট ফ্র্যাঞ্চাইজির মতো বহু নামকরা চলচ্চিত্রের প্রযোজক এ প্রতিষ্ঠানটি।
শুধু চলচ্চিত্র নয়, এপিক্স কেবল চ্যানেলের মালিকানাও রয়েছে এ প্রতিষ্ঠানটির হাতে। দ্য হ্যান্ডমেইডেনস টেল, ফার্গো, ভাইকিংস এবং শার্ক ট্যাংক এর মতো জনপ্রিয় টিভি ধারাবাহিকও উপহার দিয়েছে এমজিএম।
অ্যামাজন এমজিএম প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হয়নি। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে শুধু বলেছে, তারা গুজব বা ধারণার উপর কোনো মন্তব্য করে না।
ডিসেম্বরে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছিল, এমজিএম ক্রেতা খুঁজছে, বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি এবং লায়ন ট্রি এলএলসিকে এ ব্যাপারে জানিয়েছে এবং আনুষ্ঠানিক বিক্রি প্রক্রিয়া শুরু করেছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।