জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাশ নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে (উইকেন্ড প্রোগ্রামসহ) সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি আগের মত সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে সেটা বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।
