নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ওই কারখানার মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন হয়েছে।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন বলে এই আদালতের পিপি মনিরুজ্জামান বুলবুল জানান।
হাসেম ছাড়া জামিনপ্রাপ্ত অপর দুজন হলেন তার ছেলে হাসিব বিনতে হাসেম ও তারেক ইব্রাহিম।
তবে মামলার আরও তিন আসামির জামিন নাকচ করেছে আদালত।
গত ৮ জুলাই হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে।
এর আগে হাসেমের আরও দুই ছেলের জামিন হয়েছিল। এই দুজনসহ মোট পাঁচ জনের জামিন হলো।
এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।
