জামায়াত নেতা শাহজাহান চৌধুরী হেফাজতের তাণ্ডবের মামলায় গ্রেপ্তার


এফই ডেস্ক | Published: May 15, 2021 12:23:49 | Updated: May 15, 2021 17:30:38


জামায়াত নেতা শাহজাহান চৌধুরী হেফাজতের তাণ্ডবের মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতকানিয়া থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল্লাহ আল মাসুম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারিতে তিন দিন ধরে যে তাণ্ডব হয়েছে সেখানে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে।

মার্চে স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভের সময় হাটহাজারীতে ব্যাপক তাণ্ডব চালায় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মীরা।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তাণ্ডবের প্রথম দিন ২৬ মার্চ হাটহাজারি থানায় আক্রমণ করে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেদিন নিহত হন চারজন।

সে সময় সড়কে দেয়াল তুলে ২৬ থেকে ২৮ মার্চ- তিন দিন চট্টগ্রামের সাথে খাগড়াছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে হেফাজতকর্মীরা। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জেও সে সময় সংঘাত-সহিংসতা হয়।

হাটহাজারীতে সংঘর্ষের চার দিন পর ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা হয়।

Share if you like