জাপানের উপকূলে মালবাহী জাহাজ ভেঙে দুই টুকরা, ছড়াচ্ছে তেল


FE Team | Published: August 12, 2021 16:28:25 | Updated: August 12, 2021 18:13:32


জাপানের উপকূলে মালবাহী জাহাজ ভেঙে দুই টুকরা, ছড়াচ্ছে তেল

জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে একটি বন্দরের কাছে পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ভেঙে দুই টুকরা হয়ে গেছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

ভেঙে যাওয়া নৌযানটি থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ছে বলে জাপানের কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় সকালে হাচিনোহে বন্দরের কাছে নোঙর করার সময় ক্রিমসন পোলারিস নামের জাহাজটি ডুবো কোনো পাহাড় অথবা পাথরে আটকা পড়ে।

ছোট ছোট টুকরো কাঠ বহনকারী জাহাজটিকে পরে উদ্ধার পেলেও এর পাটাতনের কাছে ফাটল দেখা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে।

রয়টার্স জানায়, নিজেকে মুক্ত করতে পারলেও খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি বেশি দূর যেতে পারেনি এবং শেষ পর্যন্ত বন্দর থেকে প্রায় চার কিলোমিটার দূরে নোঙর করে।

এক পর্যায়ে পাটাতনের ওই ফাটল আরও বড় হয় এবং জাহাজটি ভেঙে দুই টুকরা হয়ে যায়।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটি থেকে তেল ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার সকালে সাগরে পাঁচ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এবং এক কিলোমিটার চওড়া তেলের আস্তরণও দেখা গেছে।

জাহাজটিতে চীন ও ফিলিপিন্সের ২১ ক্রু ছিল। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

তেল পড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তেল তীরে পৌঁছানোর কোনো লক্ষণ নেই বলে আশ্বস্ত করেছে কোস্ট গার্ড।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল নৌকাগুলো ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে তারা।

Share if you like