Loading...

জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

| Updated: April 15, 2022 12:15:23


জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

সদস্য দেশগুলোর সর্বসম্মতিতে আগামী চার বছরের জন্য জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সদর দপ্তরে বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) বৈঠকে এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

৪৬ সদস্য নিয়ে গঠিত এ কমিশনে ২০২৩-২০২৭ মেয়াদে বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে ভারত এবং সৌদি আরব।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।”

সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ‘অদম্য উন্নয়ন’ অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি।

কমিশনের কাজকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় জানিয়ে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলি ভাগ করে নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব”।

সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাগুলোর একটি যা ইকোসক-কে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ দেয় এবং প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর তদারকি করে।

Share if you like

Filter By Topic