ভোলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ‘সুন্নতি কাটিং ও আর্মি কাটিং’ ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও কারিগরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন।
জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার সোমবার এই বিজ্ঞপ্তি দেন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এর প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। চেয়ারম্যান বিজ্ঞপ্তি দেওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, “আমি স্থানীয় মুসলিমদের সঙ্গে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি আমি দ্বিধাদ্বন্দ্বে আছি ।“
তবে ‘সুন্নতি কাটিং’ বা ‘আর্মি কাটিং’ কেমন হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এক কিশোরকে মারধরের বিষয়ে তিনি বলেন, “আমার ছেলের সঙ্গে এলাকার এক কিশোরের বাগবিতণ্ডা হয়েছে। তবে আমি তা মিটমাট করে দিয়েছি।”
কিশোরকে মারধরের কথা তিনি অস্বীকার করেছেন।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান রাহুল বলেন, “ইউপি চেয়ারম্যান এ রকম নোটিশ জারি করতে পারেন না। এতে তিনি মানুষের রুচিশীলতা ও ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন।”
গত ইউপি নির্বাচনে প্রথমবারের মত নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম উদ্দিন হাওলাদার।
