চীনের অ্যাপ স্টোর থেকে ‘কোরআন’ অ্যাপ মুছে দিয়েছে অ্যাপল


FE Team | Published: October 15, 2021 17:41:03 | Updated: October 16, 2021 12:30:08


চীনের অ্যাপ স্টোর থেকে ‘কোরআন’ অ্যাপ মুছে দিয়েছে অ্যাপল

চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুরোধে দেশটির অ্যাপস্টোর থেকে জনপ্রিয় কোরআন মাজিদ অ্যাপ মুছে দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

চীনের অ্যাপস্টোর থেকে কোরআন অ্যাপ মুছে দেওয়ার খবর বিবিসিকে নিশ্চিত করেছে অ্যাপল। মার্কিন প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থাটি জানিয়েছে, ওই অ্যাপে চীনের আইনের সঙ্গে সাংঘর্ষিক ধর্মীয় বার্তা আছে বলে অ্যাপস্টোর থেকে মুছে দেওয়ার অনুরোধ করেছেন চীনের কর্মকর্তারা।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

চীনের অ্যাপস্টোর থেকে মুছে দিলেও বিশ্বের অন্যান্য স্থানের অ্যাপস্টোরে এখনও আছে অ্যাপটি। অ্যাপস্টোরে দেড় লাখের বেশি রিভিউ রয়েছে অ্যাপটি নিয়ে।

এই প্রসঙ্গে মন্তব্য করতে বিবিসি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি চীনের কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, কোরআন অ্যাপটি যে চীনের অ্যাপস্টোরে নেই সেটি সবার আগে নজরে এসেছিলো অ্যাপল সেন্সরশিপ ওয়েবসাইটটির। অ্যাপলের বৈশ্বিক অ্যাপস্টোরের উপর নজর রাখে সাইটটি।

ধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দিয়ে রেখেছে চীনের সরকার। তবে, সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর চীন সরকারের গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে।

অ্যাপল বিবিসির কাছে অ্যাপ মুছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত ব্যাখ্যা দিতে অপারগতা জানিয়ে নিজস্ব মানবাধিকার নীতিমালার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে; যাতে বলা আছে, আমরা স্থানীয় আইন মানতে বাধ্য, কিন্তু এমন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে যেখানে আমরা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত হবো।

তবে, কোরআন অ্যাপটি চীনের কোন আইন ভঙ্গ করেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।

সেপ্টেম্বর মাসে কারাদণ্ডপ্রাপ্ত রাশিয়ান রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনির চিন্তা প্রসূত একটি অ্যাপ নিজস্ব প্ল্যাটফর্ম থেকে মুছে দিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলো অ্যাপল ও গুগল। বিবিসির প্রতিবেদন বলছে, অ্যাপটি মুছে না দিলে উভয় প্রতিষ্ঠানের উপর বড় জরিমানা আরোপের হুমকি দিয়েছিলো রাশিয়া।

লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, অ্যাপল পণ্যের সবচেয়ে বড় বাজারগুলোর একটি হল চীন; চীনের নির্মাতাদের উপর নির্ভলশীল অ্যাপলের পুরো সরবরাহ ব্যবস্থা।

বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের নিয়ে কথা বললেও, চীনের রাজনীতিবিদদের নিয়ে মুখে কুলুপ এঁটে থাকায় সমালোচনার মুখে পড়েছেন অ্যাপল প্রধান টিম কুক।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৭ সালে মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার পর তার কড়া সমালোচনা করেছিলেন কুক। অন্যদিকে, চীনের মাটিতে সংখ্যালঘু উইঘুরদের উপর চীন সরকারের দমন-পীড়নের অভিযোগ নিয়ে চুপ থাকায় কুক নিজেও সমালোচিত হয়েছেন।

চলতি বছরের শুরুতে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, চীন কর্তৃপক্ষের চোখে অগ্রণযোগ্য অ্যাপগুলো দেশটির অ্যাপস্টোর থেকে মুছে ফেলছে অ্যাপল। চীনের বাজারে কোনো অ্যাপে যে বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ নেই তার মধ্যে আছে, তিয়ানআমেন স্কয়ার, চীনের ফালুন গং আন্দোলন, দালাই লামা এবং তিব্বত ও তাইওয়ানের স্বাধীনতার প্রসঙ্গ।

কোরআন মাজিদ অ্যাপটির নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পায়নি বিবিসি। ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন বলছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে অ্যাপস্টোর থেকে মুছে দেওয়া হয়েছে অ্যাপ নির্মাতা অলিভ ট্রির বাইবেল অ্যাপ। তবে অ্যাপলের দাবি, নির্মাতারাই মুছে দিয়েছে অ্যাপটি। মন্তব্য বা প্রতিক্রিয়া জানাতে বিবিসির অনুরোধে সাড়া দেয়নি ওই নির্মাতা প্রতিষ্ঠানটিও।

এই প্রসঙ্গে অ্যাপল সেন্সরশিপের প্রকল্প পরিচালক বেঞ্জামিন ইনমাইল বলেন, এখন অ্যাপলকে বেইজিংয়ের সেন্সরশিপ ব্যুরোতে পরিণত করা হচ্ছে।

তাদের উচিত সঠিক কাজটি করে চীন সরকারের মুখোমুখি হওয়া-- যোগ করেন তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার চীনের বাজারে লিংকডইন সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, চীনা কর্তৃপক্ষের বিধিনিষেধ মেনে চলা আলাদা চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

Share if you like