Loading...

চীনে হোটেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭, জীবিত উদ্ধার ৬

| Updated: July 14, 2021 19:24:20


চীনে হোটেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭, জীবিত উদ্ধার ৬

চীনের পূর্বাঞ্চলীয় শহর সুঝৌতে একটি আবাসিক হোটেল ধসের ঘটনায় ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার স্থানীয় সময় বিকালে উপকূলীয় শহরটির সিজি কাইউয়ান হোটেলের একটি অংশ ধসে পড়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর

বিবিসি জানিয়েছে, তল্লাশি অভিযানে ৩৬ ঘণ্টা পার করার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ২৩ জনকে বের করে আনেন, এদের মধ্যে ছয় জনকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

দেশটির গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, হোটেলটির মালিক ভবনটির কাঠামো বদলে ফেলায় এ ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওই ভবনে একের পর এক সংস্কার কাজ হয়েছে বলেও জানিয়েছেন অনেকে।

“ভবনটি তিন তলা থাকার কথা ছিল, কিন্তু কয়েক বছর ধরে সেখানে অতিরিক্ত তলা সংযুক্ত হয়েছে,” রেড স্টার নিউজকে এমনটাই বলেছেন স্থানীয় এক বাসিন্দা।

জিয়াংসু প্রাদেশিক সরকার জানিয়েছে, একটি তদন্ত দল দুর্ঘটনাটি খতিয়ে দেখছে । এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ৩৩ মিনিটের সুঝৌর সিজি কাইউয়ান হোটেলটি ধসে পড়ে। তারপর থেকে উদ্ধারকাজে প্রায় ৬০০ কর্মীকে মোতায়েন করা হয়।

ধসের সময় হোটেলটির ৫৪টি কক্ষে ১৮ জন ছিলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। ভেতরে অনিবন্ধিত আরও পাঁচ অতিথি থাকার কথা পরে জানা যায়।

যে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে পাঁচ জন আহত থাকলেও এখন তাদের অবস্থা স্থিতিশীল। একজন পুরোপুরি অক্ষত ছিলেন।

দুর্বল নির্মাণ কাজের জন্য চীনে আগেও একাধিক ভবন ধসের ঘটনা ঘটেছে।

গত বছর ফুজিয়ান প্রদেশে একটি হোটেল ধসে ২৯ জনের মৃত্যু হয়েছিল। তদন্তকারীরা পরে হোটেলটি নির্মাণে ‘গুরুতর ত্রুটি’খুঁজে পায় বলে এক প্রতিবেদনে জানিয়েছিল সিনহুয়া।

Share if you like

Filter By Topic