Loading...

চীনে ঝড়ে ১১ জনের মৃত্যু

| Updated: May 02, 2021 18:38:53


চীনে ঝড়ে ১১ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলে প্রবল ঝড়ে অন্তত ১১ জনের মৃত্যু ও ১০২ জন আহত হয়েছেন। ইয়ানসি নদীতে নৌকা ডুবে নয় জন নিখোঁজ রয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শুক্রবার সন্ধ্যায় উপকূলীয় শহর নানথং ও এর আশপাশের এলাকায় ঝড়ের পাশাপাশি মার্বেল আকারের শিলাবৃষ্টি হয় বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।

যারা মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন প্রবল বাতাসের তোড়ে উড়ে গিয়ে ইয়ানসি নদীতে পড়েন, বাকিরা উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঝড়ের সময় ইয়ানসি নদীতে ১১ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। দুই জনকে উদ্ধার করা হলেও অপর নয় জন নিখোঁজ রয়েছেন।

চীনের সামাজিক যোগাযোগ প্লাটফর্ম উইবোতে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, শহরের ভেতর দিয়ে প্রবল ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, বিভিন্ন ভবন থেকে উড়ে আসা বহু আবর্জনা রাস্তাজুড়ে ছড়িয়ে আছে।

আরেকটি ভিডিওতে নগরীর বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা বড় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে বাতাসের ধাক্কায় ঘুরে যেতে দেখা যায়।

সাংহাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নানথং ইয়ানসি নদীর উত্তর তীরে ৮০ লাখ বাসিন্দার একটি বর্ধিষ্ণু শহর। ঝড়ে এই শহরটির বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর তিন হাজারেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

Share if you like

Filter By Topic