সম্প্রতি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক আদালতে জলবায়ু পরিবর্তন শীর্ষক একটি ওয়েবিনার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইইউর স্কুল অব লর উদ্যোগে অনুষ্ঠিত এই ওয়েবিনারে এতে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের ল অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিসি বিভাগের হ্যারল্ড স্যামুয়েল চেয়ার অধ্যাপক ড. জর্জ ই ভিন্যুয়েলস বলেন, বিশ্বে জলবায়ু বিপর্যয়ের প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও সবুজ ধরিত্রী গড়ে তুলতে তাদেরকে জোরালোভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী এই ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনে ঝুঁকি নিরসনে কার্যকর পরিকল্পনা নেওয়ার এখন-ই সময়। প্রয়োজনীয় উদ্যোগ নিতে সবাইকে তাই অনেক বেশি সচেতন হতে হবে।
সিআইইউর স্কুল অব লর লেকচারার রামিসা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আমাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণ করতে এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে ল অনুষদ নিয়মিতভাবে এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে বলে জানান তিনি।