আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
স্ট্রোক করায় গত ৩০ অগাস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল খায়ের বলেন, “স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।”
তিনি জানান, দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।
“কার্ডিওলজি ও নিউরোলজির কিছুটা সমস্যা উনার আগে থেকেই ছিল। ৩০ অগাস্ট শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়। উনার মাইল্ড স্ট্রেক হয়েছিল।”
৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। এক সময় তিনি বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
