Loading...
The Financial Express

চারিত্রিক দ্বৈততা কি কোনো ব্যাধি?

| Updated: July 31, 2022 21:17:28


চারিত্রিক দ্বৈততা কি কোনো ব্যাধি?

‘আয়নাবাজি’ নামটি শুনলেই এখনো মানুষের মনে এক অদ্ভুত চাঞ্চল্য সৃষ্টি হয়। হবেই বা না কেন?
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা সৃষ্টি এ ‘আয়নাবাজি’। চঞ্চল চৌধুরী তার সুনিপুণ অভিনয় দক্ষতা দিয়ে এ চলচ্চিত্রকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। একাধিক চরিত্রের রংবদলে মেশানো এ চরিত্র চঞ্চল চৌধুরীর ক্যারিয়ারের ও অন্যতম সেরা অভিনয়। তার এই রহস্যময় চরিত্র বদল মানুষের মনে বিস্ময় জাগানোর পাশাপাশি ভাবনাকেও জাগিয়ে তুলেছে।

কিন্তু এখন প্রশ্ন হলো, চারিত্রিক দ্বৈততা কি কোনো রোগ? নাকি এটি সাধারণ একটি বিষয়? এর পেছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে? চারিত্রিক দ্বৈততাই কি বাইপোলার ডিজঅর্ডার?

চারিত্রিক দ্বৈততার সাথে এরকম হাজারো প্রশ্ন জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। কিন্তু এ ব্যাপারে সঠিক ধারণা নেই বেশিরভাগ মানুষেরই।  

ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিজঅর্ডার বা ডিআইডি নামে মানসিক স্বাস্থ্যের এক বিশেষ অবস্থা রয়েছে। এ অবস্থায় থাকা ব্যক্তিরা মূলত নিজেদের মধ্যে দুই বা ততোধিক আলাদা চরিত্র ধারণ করেন। গবেষণায় দেখা গিয়েছে, সময়ের সাথে এসকল মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্নভাবে পরিবর্তিত হয় এবং প্রয়োজন অনুযায়ী সাধারণত এরা নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন।

শুনতে অনেক সাধারণ মনে হলেও এটি অতোটা সাধারণ চরিত্রবদল নয়। এসব ব্যক্তিদের মধ্যে থাকা প্রতিটি চরিত্র বা পরিচয়ের থাকে আলাদা ইতিহাস, বৈশিষ্ট্য, পছন্দ ও অপছন্দ।

ডিআইডিতে আক্রান্ত ব্যক্তিদের মনে মাঝেমধ্যেই বিভিন্ন রকম হ্যালুসিনেশনের উদ্ভব ঘটে, যার প্রকৃতপক্ষে কোনো বাস্তব অস্তিত্বই নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, ডিআইডিতে আক্রান্ত ব্যক্তিরা বাস্তব থেকে আকস্মিকভাবে নিজেকে অনেক দূরে নিজের কোনো আলাদা দুনিয়ায় আবিষ্কার করতে পারে।  

কিন্তু ডিআইডি আর চারিত্রিক দ্বৈততা কি এক কিনা এ ব্যাপারে সিদ্ধান্তে আসার জন্য আরো কিছু মানসিক ব্যাধির ব্যাপারে জানা প্রয়োজন।

ডিপারসোনালাইজড ডিজঅর্ডা: এ রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই নিজের মধ্যে থাকেন না। অর্থাৎ মাঝে মাঝে তারা নিজেদের আশেপাশে থাকা ব্যক্তি বা বস্তু কিংবা আশেপাশে ঘটে যাওয়া ঘটনা কোনো কিছুর দিকেই খেয়াল করেন না।

ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া: এ রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত বিশেষ কোনো ঘটনা কিংবা তথ্য মনে রাখতে পারেন না। এ রোগে আক্রান্ত হলে একটি বড় সমস্যা হচ্ছে এটি শনাক্ত করা। কারণ এর সাথে শর্ট টাইম মেমোরি লসের বেশ কিছু লক্ষণ মিলে যায়।

এ দুটি রোগের ব্যাপারে আলোচনার কারণ হলো, ডিআইডির সাথে এ রোগ দূটির বিশেষ সম্পৃক্ততা রয়েছে। অনেকে এ দুটিকে ডিআইডির প্রাথমিক লক্ষণ হিসেবেও ভেবে থাকেন।

এতক্ষণে অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন এসে গেছে যে, ডিআইডি কি তাহলে খুবই সাধারণ ব্যাধি? চারিত্রিক দ্বৈততাই তাহলে এই ডিআইডি?

উত্তর হচ্ছে ‘না’! ডিআইডি কোনো সাধারণ ব্যাধি না। আবার চারিত্রিক দ্বৈততাকে সরাসরি ডিআইডি হিসেবে আখ্যা দেওয়া যাবে না।

মূলত ডিআইডি খুবই বিরল একটি রোগ। এ রোগটি পৃথিবীর মাত্র ০.০১% থেকে ০.১% মানুষের মধ্যে দেখা যায়। তবে এটি হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের ডিআইডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।  

ডিআইডিতে আক্রান্ত একজন ব্যক্তির সাধারণত বেশ কিছু ব্যক্তিত্ব রয়েছে। এদের মূল পরিচয় হলো ব্যক্তির স্বাভাবিক ব্যক্তিত্ব। আর বাকিগুলো হলো ব্যক্তির বিকল্প ব্যক্তিত্ব। অনেকে এটাকে পরিবর্তিত ব্যক্তিত্বও বলে থাকে। ডিআইডিতে আক্রান্ত ব্যক্তিদের চরিত্রে সাধারণত ১০০ এর অধিক পর্যন্ত পরিবর্তন খেয়াল করেছেন গবেষকরা এবং এ প্রত্যেকটি পরিবর্তনই একে অপরের থেকে আলাদা।

ডিআইডির বেশ কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত দুশ্চিন্তা করা, যেকোনো পরিস্থিতিতে দিশেহারা হয়ে যাওয়া, বিষণ্ণতায় ভোগা, মাদকে আসক্ত হওয়া, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, নিজের ক্ষতি করা, আত্মহত্যার চেষ্টা করা প্রভৃতি।

এখন প্রশ্ন জাগা স্বাভাবিক যে ডিআইডি হওয়ার সম্ভাবনা কি কোনো বিশেষ কারণে হয়ে থাকে?

উত্তরটি খুব স্বাভাবিকভাবেই হ্যাঁ। সাধারণত শৈশবে যৌন বা শারীরিক নির্যাতন কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ডিআইডি বিকশিত হয়। এ ডিসঅর্ডার মূলত এ সকল ট্রমা থেকে দূরে থাকার উপায় হিসেবে বিকশিত হয়।

কিন্তু ডিআইডির কি কোনো চিকিৎসা আছে?

দুঃখজনক হলেও সত্যি যে ডিআইডি কখনো ভালো হয় না। কেউ এ ব্যাধিতে আক্রান্ত হলে বাকি জীবন এ ব্যাধিকে সাথে নিয়েই চলতে হবে। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগের উপসর্গ অনেকাংশে কমানো যেতে পারে। তবে এটি বেড়ে গেলে ভবিষ্যতে স্কিতজোফ্রেনিয়ার মতো মারাত্মক রোগে পরিণত হতে পারে।

তাই এ রোগের লক্ষণ কারো মধ্যে দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।

মোঃ ওমর ফারুক তপু বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন।

jafinhasan03@gmail.com

Share if you like

Filter By Topic