চতুর্থ ধাপে ভোট চলছে ৮৩৬ ইউপিতে


এফই অনলাইন ডেস্ক | Published: December 26, 2021 09:59:09 | Updated: December 26, 2021 17:46:19


চতুর্থ ধাপে ভোট চলছে ৮৩৬ ইউপিতে

ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৮৩৬ ইউপিতে ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্যে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকাল ৮টায় এসব ইউনিয়নে ভোটগগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

১ কোটি ৬২ লাখ ভোটারের এসব ইউপির মধ্যে ৭৯৮টিতে ব্যালট পেপারে এবং ৩৮টিতে ইভিএমে ভোট হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত তিন ধাপে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে সংঘাত-সহিংশতায় অর্ধশতাধিক লোকের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে। এবারও ভোটের আগে বেশ কিছু এলাকায় গোলযোগের ঘটনা ঘটেছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এ ধাপের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সহিংসতা রোধে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় নির্বাচনে একেবারে তৃণমূলে প্রতিযোগিতা বেশি থাকায় কোথাও কোথাও ব্যক্তিগত রেষারেষি, পূর্বশত্রুতার জের এবং গোলযোগের ঘটনা ঘটে থাকে।

সহিংসতা যেসব এলাকায় ঘটার শঙ্কা রয়েছে, এমন বিবেচনায় কিছু এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য তুলনামুলক বেশি নিয়োজিত করা হয়েছে।

ইউপি ভোটকে কেন্দ্র করে বেশ কিছু নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এবার।

পরিস্থিতি সামলে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে ইসি। কয়েকজন সংসদ সদস্যকে এলাকা ছাড়তে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। ভোটের পরেও তারা থাকবেন। সেই সঙ্গে ম্যাজিস্ট্রেটরাও রয়েছেন।

>> চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন। এরমধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ১১২ জন ও সাধারণ সদস্যা ১৩৫ জন।

>> এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান ৩৮১৪ জন, সংরক্ষিত সদস্য ৯৫১৩ জন ও সাধারণ সদস্য ৩০১০৬ জন।

>> এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ অন্তত একডজন রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

>> ভোটার সংখ্যা ১,৬২,৭৪,৬৬০ জন।

>> ভোটকেন্দ্র ৮২৯৪টি; ভোটকক্ষ ৪৫,১৪৫টি।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউপি নির্বাচনের প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোট হয়।

চতুর্থ ধাপের রোববার ৮৩৬ ইউপিতে ভোট হবে। এবার পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

Share if you like