চট্টগ্রামে মোটর ফেস্ট-২০২১ অনুষ্ঠিত


তানজিম হাসান পাটোয়ারী | Published: October 31, 2021 18:53:21


মোটর ফেস্ট ২০২১ থেকে ছবি তুলেছেন তানজিম হাসান পাটোয়ারী

চট্টগ্রামে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো ৪র্থ চট্টগ্রাম মোটর ফেস্ট, ২০২১। উইজার্ড শোবিজ কর্তৃক আয়োজিত মেলাটি চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলা এই মেলায় বিশ্বের বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।

এর আগে ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে এই মোটর ফেস্ট অনুষ্ঠিত হয়। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ থাকায় মেলার আয়োজন সম্ভব হয়নি বলে জানিয়েছে উইজার্ড শোবিজ কর্তৃপক্ষ।

এবারের মেলায় মিতসুবিশি মোটরস, হাভাল, হুন্দাই, ডিএফএসকে এবং এমজি এর মতো নামকরা অটোমোবাইল কোম্পানিগুলো অংশ নেয়।

এছাড়া ফ্রেন্ডস মোটরস এবং জেএমই মোটরস তাদের মোটরসাইকেল প্রদর্শনীর আয়োজন করে। মূলত দর্শনার্থীদের বিভিন্ন নতুন মডেলের গাড়ি ও মোটরসাইকেল সম্পর্কে জানানো এবং সেগুলো ক্রয়ে উৎসাহিত করাই ছিল এই মেলার প্রধান উদ্দেশ্য।

এ বিষয়ে উইজার্ড শোবিজের ম্যানেজিং পার্টনার মোঃ লুৎফুল কবীর টুটুল দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে জানান, অন্যান্যবারের মতো এবারও মোটর ফেস্টটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মেলাটি সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এছাড়া মেলা চলাকালীন দুটি ছুটির দিন থাকায় মানুষজনের সমাগমও তুলনামূলকভাবে বেশি হয়েছে যা মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করেছে।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদেরকে ক্রয়ে উৎসাহিত করতে ক্রয়ের উপর বিভিন্ন হারে মূল্যছাড় (ডিসকাউন্ট) অফার প্রদান করে। এছাড়া অর্ডারের পর ১ মাসের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

তানজিম হাসান পাটোয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

tanjimhasan001@gmail.com

Share if you like