Loading...

চট্টগ্রামে প্রতি পাঁচ জনের কোভিড পরীক্ষায় ২ জনই রোগী

| Updated: January 24, 2022 18:04:07


আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে করোনাভাইরাসের টিকা নিতে আসা মানুষের লাইনেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত। আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে করোনাভাইরাসের টিকা নিতে আসা মানুষের লাইনেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত।

চট্টগ্রাম জেলায় গত এক দিনে যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের ৪০ শতাংশের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; শহরের আশপাশের উপজেলাগুলোতেও বাড়ছে সংক্রমণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সোমবার জেলার সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে কোভিডে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। 

সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ৬৭৭ জন মহানগরীর এবং ৩১২ বিভিন্ন উপজেলার বাসিন্দা। রোববারের ১৫ উপজেলায় মোট ২০৪ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছিল।

সোমবারের প্রতিবেদন বলছে, পটিয়া উপজেলায় ৬২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। হাটাহাজারী ও সীতাকুণ্ডে ৪৪ জন করে এবং রাউজানে ৩৪ জনের নমুনায় ভাইরাসেরর উপস্থিতি ধরা পড়ে।

১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় করোনভাইরাস শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ায়। এরপর থেকে তা ৩০ শতাংশের আশেপাশে ছিল। রোববার ৩৫ শতাংশ ছাড়ানোর সোমবার ৪০ শতাংশ ছুঁলো।

চিকিৎকরা বলছেন, ওমক্রিন ধরণের উচ্চ সংক্রমণ সক্ষমতা এবং জনসাধারণের স্বাস্থ্যবিধি মানায় অনীহার কারণে দ্রুত শনাক্তের হার বাড়ছে।

রোববার বিকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানতে নগরবাসীর আগ্রহ কম। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে কয়েকশ জনের লাইনে দেখা গেছে টিকা নেওয়ার জন্য। তাদের বেশিরভাগের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ব ছিল না।

চট্টগ্রাম শহরে ১ ও ৩ নম্বর রুটের মিনিবাস এবং বিভিন্ন রুটে টেম্পো, হিউম্যানহলার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রীদের অনেকেরই মাস্ক দেখা যায়নি। মিনিবাসগুলোতে দাঁড়িয়ে যাত্রী বহন করা হচ্ছে প্রতিদিনই।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে চট্টগ্রামে কোভিড শনাক্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ১৩ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ১২ দিনে ৮ হাজার ৪৬৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১ লাখ ১২ হাজার ১১২ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৮২ হাজার ৮৬১ জন মহানগরীর বাসিন্দা।

Share if you like

Filter By Topic