চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে ১২টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে বারগুলো পাওয়ার কথা জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মিজান উদ্দিন নামে ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে তিনি চট্টগ্রামে নামেন।
সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজানের গতিবিধির ওপর নজর রাখা হয়। পরে বিমানবন্দরের ওয়াশরুমে প্রবেশের মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাগে থাকা সোনার বারগুলো উদ্ধার করা হয়।
১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের বারগুলোর দাম আনুমানিক এক কোটি টাকা বলে জানান এই কর্মকর্তা।
