উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া আছে একটু। সেই সুবিধা কাজে লাগাতে পারেননি শরিফুল ইসলাম কিংবা সৈয়দ খালেদ আহমেদ। তবে খুব বেশি রানও দেননি এই দুই পেসার। একমাত্র সাফল্য আসে নাঈম হাসানের হাত ধরে। তরুণ এই অফ স্পিনার এলবিডব্লিউ করে বিদায় করেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে।
পানি পানের বিরতির সময় ১১ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৩৩।
দিনের দ্বিতীয় ওভারে কাট করে খালেদকে দুটি চার মেরে আক্রমণাত্মক শুরু করেন ওশাদা। পরে দশম ওভারে ছক্কায় ওড়ান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। প্রথম ঘণ্টায় বাউন্ডারি কেবল এই তিনটিই। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আস্থার সঙ্গেই খেলছেন ওশাদা। শুরুতে সময় নিচ্ছেন কুসল মেন্ডিস।
এসেই নাঈমের আঘাত
বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল্য পেল বাংলাদেশ। দিমুথ করুনারত্নেকে এলবিডব্লিউ করে শুরুর জুটি ভাঙলেন অফ স্পিনার নাঈম হাসান।
অফ স্টাম্পের একটু বাইরে পড়ে অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল কাট করেন লঙ্কান অধিনায়ক। তবে এর আগে ছুঁয়ে যায় তার প্যাড। জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার। ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি।
ওশাদা ফার্নান্দোর সঙ্গে কথা বলে রিভিউ নেন করুনারত্নে। সফল হননি তিনি, তবে ইম্প্যাক্ট আম্পায়ার্স কল হওয়ায় টিকে থাকে রিভিউ।
১৭ বলে বাঁহাতি এই ওপেনার করেন ৯। ক্রিজে ওশাদার সঙ্গী কুসল মেন্ডিস।
শুরুতেই ব্যর্থ রিভিউ
দিনের পঞ্চম ওভারে রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। ওভার দা উইকেটে বোলিং করা বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বল ব্যাটে খেলতে পারেননি ওশাদা ফার্নান্দো, বল লাগে প্যাডে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন মুমিনুল হক।
বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। শুরুতেই নষ্ট হলো একটির রিভিউ।
সাইমন্ডস স্মরণে নীরবতা
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে মাঠে।
উত্তর কুইন্সল্যান্ডের টাউন্সভিলের কাছে শনিবার রাতে দুর্ঘটনায় পড়ে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা সাইমন্ডসের গাড়ি। অবসরের পর ওই এলাকাতেই থাকতেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার।
২ স্পিনার, ২ পেসার নিয়ে শ্রীলঙ্কা
সবশেষ সিরিজে দলে আট পরিবর্তন এনে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। একাদশে কিছু পরবির্তন তাই অনিবার্যই ছিল।
টসের সময়ে অধিনায়ক দিমুথ করুনারত্নে জানালেন, ৭ ব্যাটসম্যান এবং দুই জন করে পেসার ও স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন তারা। তবে বেশ কিছু অলরাউন্ডার থাকায় বোলিংয়ে বেশ কিছু বিকল্প থাকবে লঙ্কান অধিনায়কের হাতে।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, লাসিথ এম্বুলদেনিয়া।
৩ স্পিনার, ২ স্পিনার নিয়ে বাংলাদেশ
করোনাভাইরাস থেকে সাকিব আল হাসান সেরে দলে যোগ দেওয়ার পর অনেক রকম কম্বিনেশনই সম্ভব ছিল। সেখান থেকে বাংলাদেশ বেছে নিয়েছে তিন স্পিনার ও দুই পেসার। শঙ্কা কাটিয়ে ফেরা সাকিবের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
আঙুলের চোটে মেহেদী হাসান মিরাজ ছিটকে যাওয়ার পর দলে এসেছিলেন অফ স্পিনার নাঈম। এই তরুণ এবার চলে এলেন একাদশেও।
চোট ও অসুস্থতা কাটিয়ে একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ। চোটের জন্য স্কোয়াডেই নেই পেসার তাসকিন আহমেদ। দলে থাকলেও একাদশে নেই আরেক গতিময় পেসার ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
সিরিজের প্রথম টেস্টে টস ভাগ্যকে পাশে পেলেন দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কা অধিনায়ক নিলেন ব্যাটিং। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
শ্রীলঙ্কাকে হারানোর অভিযান
নিয়মিত খেলার সুযোগ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। দেশের মাটিতে আট টেস্ট খেলে জয় নেই একটিও। সব মিলিয়ে ২২ টেস্ট খেলে জয় কেবল একটি। ২০১৭ সালে কলম্বোয় নিজেদের শততম টেস্টে জিতেছিল বাংলাদেশ। উপমহাদেশের দলটির বিপক্ষে ব্যর্থতার চক্র থেকে বের হতে দেশের মাটিতে জয় চান অধিনায়ক মুমিনুল হক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট।
চলতি বছর বাংলাদেশ কাটছে উত্থান-পতনের মধ্য দিয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে অসধারণ জয় দিয়ে শুরু হয় বছর। পরের টেস্টেই অবশ্য দল হেরে যায় বড় ব্যবধানে। দক্ষিণ আফ্রিকায় সবশেষ সিরিজে হয় হোয়াইটওয়াশড।
দেশের মাটিতে সবশেষ সিরিজেও পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশড হয়েছিল বাংলাদেশ। আবার সাফল্যের পথে ফিরতে মুমিনুল মনে করেন টেস্টের ১৫ সেশনের মধ্যে নিজেদের করে নিতে হবে ১২-১৩টি সেশন।
