চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে একটি ব্যক্তিগত সেডানের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সোমবার ভোরে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি সিরাজুল হক জানান।
নিহতদের মধ্যে মো. হারুন নামে আনুমানিক ৩০ বছর বয়েসী একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় জানা যায়নি। হারুনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
ওসি সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারমুখী প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“সংঘর্ষে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওসি সিরাজুল বলেন, “হারুনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেছে। তারা হারুনের সহযাত্রীদের চিনতে পারেননি।
“ওই গাড়ির আরোহীরা কোথায় যাচ্ছিলেন এবং তারা একে অন্যের পরিচিত কিনা- সেসব কিছু জানা যায়নি।”
