Loading...

চকরিয়ায় তিন বাহনের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

| Updated: February 07, 2022 19:34:27


চকরিয়ায় তিন বাহনের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাস, লবণ বোঝাই ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ছয়জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি জানান, রোববার রাত সোয়া ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা-কচ্ছপিয়া ঢালা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাসের চালক এবং একজন যাত্রী রয়েছেন, অন্যজন মিনি ট্রাকের চালক। তবে তাদের নাম জানাতে পারেননি ওসি।

স্থানীদের বরাতে ওসমান গনি বলেন, এন আর শ্যামলী পরিবহনের ওই বাস ভাড়া করে একদল লোক চট্টগ্রাম থেকে পিকনিকে এসেছিলেন কক্সবাজারে। পিকনিক শেষে কক্সবাজার থেকে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।

“ওই বাস, একটি লবণবোঝাই ভ্যান আর বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুই চালকসহ তিনজন নিহত এবং ৬ জন আহত হন।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share if you like

Filter By Topic