এক মাস আগে চট্টগ্রামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- তৌহিদুল ইসলাম (১৮), ছোটন মিয়া (১৮) ও সাইফুল ইসলাম (২৬) । তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার মধ্যম কোণাখালী গ্রামে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বায়েজদি বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তৌহিদুল নিজেকে আঞ্চলিক গানের শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। ইউটিউবে তার একটি নিজস্ব চ্যানেল আছে, যেখানে তার বিভিন্ন ‘স্টেইজ প্রোগ্রামের’ ভিডিও আপলোড করা আছে।”
হালিশহরের এক বাসায় চুরি করতে গিয়ে শনিবার ভোরে তৌহিদুল ও ছোটনকে স্থানীয়দের হাতে ধরা পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করে ৯ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার এক বাসা থেকে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনা তাদের জড়িত থাকার কথা জানা যায়।
ওসি কামরুজ্জামান বলেন, তাদের নিয়ে কোণাখালীতে অভিযান চালিয়ে রোববার ভোরে সাইফুলকে গ্রেপ্তার এবং তার বাড়ি থেকে ল্যাপটপ উদ্ধার করা হয় বলে তিনি জানান।
ওসি জানান, ৯ নভেম্বর বাসা থেকে ল্যাপটপ ও দুটি আই ফোন চুরির অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে বায়েজিদ থানায় মামলা করেন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, তৌহিদুল তার সহযোগী নিয়ে গভীর রাতে বাড়ি থেকে রওনা হয়ে চট্টগ্রামে বাস থেকে নেমে চলে যান বিভিন্ন এলাকায়। খুঁজতে থাকেন কোন ভবনে উঠা যাবে। কোনো ঘরে প্রবেশ করতে পারলেই মোবাইল ফোন ও ল্যাপটপসহ মালামাল চুরি করে চলে যান চকরিয়ায়।
গত দুই বছরে সে ও তার সহযোগীরা চট্টগ্রাম নগরীতে অন্তত ৪০টি চুরির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের দাবি।
