Loading...

গ্রিস উপকূলে নৌকা উল্টে  ১৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

| Updated: December 26, 2021 10:08:03


Map of Greece/ Google Maps Map of Greece/ Google Maps

এজিয়ান সাগরে অবস্থিত পারোস দ্বীপের কাছে একটি অভিবাসন প্রত্যাশীবোঝাই নৌকা উল্টে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শুক্রবার এ দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে এয়ারক্রাফট ও নৌযান মোতায়েন করা হয় বলে কোস্টগার্ডের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আফ্রিকা, মধ্য প্রাচ্য ও অন্যত্র থেকে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছাতে অভিবাসন প্রত্যাশীরা যে পথগুলো ব্যবহার করে থাকে, গ্রিস তার একটি। যদিও ২০১৫-১৬ সালের পর এই পথে অভিবাসন প্রত্যাশীদের চাপ অনেকটাই কমে এসেছে।

গ্রিসের আধাসরকারি এথেন্স বার্তা সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুক্রবার উল্টে যাওয়া নৌকাটির যাত্রীদের মধ্যে তিন নারী ও এক শিশুসহ ১৬ জনের লাশ উদ্ধার করেছে।

 নৌকাটি তুরস্ক থেকে ইতালিতে যাচ্ছিল বলে ধারণা কোস্ট গার্ডের; উল্টে যাওয়ার সময় নৌযানটি প্রায় ৮০ জন ছিল বলেও অনুমান তাদের।

নৌকাটি কেন উল্টে গেল, তা স্পষ্ট নয়; কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাও জানা যায়নি।

এ ধরনের দুর্ঘটনার জন্য মানব পাচারকারীরাই দায়ী বলে মন্তব্য করেছেন গ্রিসের নৌ পরিবহনমন্ত্রী গায়ানিস প্লাকিওতাকিস।

“এ পাচারকারীরা মানুষের জীবনের ব্যাপারে উদাসীন, তারা নিরাপত্তার সাধারণ মানদণ্ড বজায় রাখে না এমন নৌযানগুলোতে লাইফজ্যাকেট ছাড়াই ডজন ডজন মানুষকে গাদাগাদি করে রাখে,” বিবৃতিতে বলেছেন তিনি।

Share if you like

Filter By Topic