গ্রামে বাসা-বাড়ি নির্মাণ করতে হলে অনুমতি নিতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী


বাসস | Published: May 05, 2021 21:25:58 | Updated: May 06, 2021 15:33:30


গ্রামে বাসা-বাড়ি নির্মাণ করতে হলে অনুমতি নিতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, দেশের গ্রামে-গঞ্জে যে কোন ধরণের অবকাঠামো নির্মাণ করতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

বুধবার সেভ দ্য চিলড্রেন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে আয়োজিত মেয়র সংলাপ: নিরাপদ, টেকসই ও অর্ন্তভূক্তিমূলক নগর শীর্ষক সভায় অনলাইনে যুক্ত হয়ে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার গ্রাম আমার শহর দর্শনের সুফল হিসেবে শহরের সকল সুযোগ-সুবিধা প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে দেয়া হচ্ছে। তাই এখন থেকেই গ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, দেশের গ্রামে-গঞ্জে কোথাও কেউ যদি বাসা-বাড়ি, দোকান-পাট, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লাব বা অফিস-আদালত সহ যে কোন ধরণের অবকাঠামো নির্মাণ করতে চায়, তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেয়া যেতে পারে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সক্ষমতা নিয়ে প্রশ্ন আসতেই পারে। কিন্তু একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে না পারলে গ্রামে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ বন্ধ করা সম্ভব হবে না।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদকে ক্ষমতা দেয়ার পর তারা যাতে ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সেজন্য উপজেলা পরিষদকে সংযুক্ত করা হবে।

তিনি আরো বলেন, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই পূর্ব অনুমতি ছাড়া কৃষি জমিতে ঘর-বাড়ি বা অন্য কোন স্থাপনা নির্মাণ করতে দেয়া যাবে না।

Share if you like