বাণিজ্যিক প্রচারণামূলক অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের দর্শকপ্রিয় চারটি ধারাবাহিক নাটকের চারটি চরিত্র ব্যবহার করায় মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগ তুলে গ্রামীনফোনকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, মেয়ে নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, ছেলে নূহাশ হুমায়ুন ও ভাই জাফর ইকবালের পক্ষে নোটিসটি পাঠিয়েছেন তাদের আইনজীবী হামিদুল মিজবাহ।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
সোমবার ইমেইলে নোটিস পাঠানোর পর মঙ্গলবার তা আবার রেজিস্ট্রি ডাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ আইনজীবী।
গত বছর জুলাইয়ে ফেসবুক পেইজ ও ইউটউব চ্যানেল থেকে কেমন আছেন তারা? শীর্ষক কয়েক পর্বের একটি ধারাবাহিক বাণিজ্যিক প্রচারণামূলক অনুষ্ঠান প্রচার করে গ্রামীণফোন।
অনুষ্ঠানটিতে লেখক, নির্মাতা হুমায়ুন আহমেদের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক কোথাও কেউ নেইর বাকের ভাই, অয়োমর এলাচি বেগম, বহুব্রীহির সোবহান সাহেব ও উড়ে যায় বক পক্ষী ধারাবাহিক নাটকের তৈয়ব আলী চরিত্রটিকে ব্যবহার করা হয়।
হুমায়ুন আহমেদের পরিবারের সদস্য বা উত্তরাধিকারীদের কাছ থেকে সম্মতি না নিয়ে গ্রামীনফোন এসব চরিত্র ব্যবহার করেছে বলে নোটিসে অভিযোগ করা হয়।
চারটি চরিত্র ব্যবহার করা পর্বগুলো ৩০ লক্ষ বারের বেশি ভিউ হয়েছে। প্রচলিত আইনে এই ধরনের ব্যবহারে আইনি বাধ্যবাধকতা থাকলেও গ্রামীণফোন তা করেনি। এতে মেধাস্বত্ব আইন লঙ্ঘন হয়েছে।
আইনজীবী হামিদুল মিজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামীণফোনের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানের পর্বগুলো তিন দিনের মধ্যে অপসারণের পাশাপাশি মেধাস্বত্ব লঙ্ঘনের জন্য ১৫ দিনের মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৮ হাজার আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিসে।
গ্রামীণফোনের ফেইসবুক পেইজ গিয়ে কেমন আছেন তারা? অনুষ্ঠানটির কোনো পর্ব পাওয়া যায়নি।
জানতে চাইলে মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুয়ামুন আহমেদের সৃষ্টি অনেকগুলো চরিত্রের মধ্যে বাকের ভাই, এলাচি বেগম, সোবহান সাহেব এবং তৈয়ব আলী চরিত্র চারটি অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকপ্রিয়। এই চরিত্রগুলো এখনো দর্শকদের হৃদয়ে গেঁথে আছে।
এ সমস্ত চরিত্রের অনুমতিহীন, বাণিজ্যিক ব্যবহার হুমায়ুন আহমেদের মেধাস্বত্ব অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং কোনোভাবেই কাম্য নয়।
কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, অয়োময়-এ এলাচি বেগমর চরিত্রে অভিনয়ে ছিলেন সারা যাকের, বহুব্রীহির সোবহান সাহেবর চরিত্রে ছিলেন আবুল হায়াত ও উড়ে যায় বক পক্ষী ধারাবাহিকে তৈয়ব আলী চরিত্রে অভিনয় করেন ফারুক আহমেদ।