গার্ডার দুর্ঘটনা: ক্রেইন চালক, ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে মামলা


এফই অনলাইন ডেস্ক | Published: August 16, 2022 12:03:38 | Updated: August 17, 2022 15:57:40


ঢাকার উত্তরায় সোমবার বিকালে জসিম উদ্দীন সড়কে প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে ক্রেন দিয়ে বক্সগার্ডার ওঠানোর সময় সেটি প্রাইভেটকারের ওপর পড়ে।

ঢাকার উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে হতাহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে ঠিকাদার কোম্পানি, ক্রেইন চালক এবং প্রকল্পের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু সোমবার রাতে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, মামলায় অবহেলার কারণে প্রাণহানির অভিযোগ করা হয়েছে। ক্রেইন চালকের পাশাপাশি প্রকল্পের ঠিকাদার চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

দুর্ঘটনার সময় যিনি ক্রেইন চালাচ্ছিলেন, তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে জানালেও তার নাম বলেননি ওসি। অভিযোগের বিষয়ে ঠিকাদার কোম্পানির বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

Share if you like