Loading...

গাজীপুরে ট্রেনের পথে বাস, মৃত্যু বেড়ে ৩

| Updated: July 24, 2022 21:55:50


শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল বাসটি। শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল বাসটি।

গাজীপুরের শ্রীপুরে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পোশাক শ্রমিকদের একটি বাসে ট্রেনের ধাক্কায় তিনজনের প্রাণ গেছে, আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের মাইজ পাড়া ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুরের স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান।

তিনি বলেন, সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায় বলাকা এক্সপ্রেস। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ পাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় একটি বাস সামনে চলে এলে সংঘর্ষ হয়।

শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল বাসটি। ট্রেনের ধাক্কায় সেটি ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে।

তাতে ঘটনাস্থলেই প্রিয়া নামের এক নারীর মৃত্যু হয় জানিয়ে গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ বলেন, আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ওই দুইজনকে ট্রেনে করে ময়মনসিংহে নেওয়া হচ্ছিল। পথেই মৃত্যু হওয়ায় তাদের লাশ গফরগাঁও স্টেশনে নামিয়ে রাখা হয়েছে। মরদেহ দুটি জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহত অন্যদের গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share if you like

Filter By Topic