Loading...

গণমাধ্যমকর্মী আইন নিয়ে রাজনীতি করার চেষ্টায় টিআইবি: হাছান মাহমুদ 

| Updated: April 02, 2022 14:47:43


ফাইল ছবি (সংগৃহীত)   ফাইল ছবি (সংগৃহীত)  

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘নিজেদের কর্মপরিধির বাইরে গিয়ে’ সব বিষয়ে বিবৃতি দেওয়াকে ‘অভ্যাসে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

শুক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “সংসদীয় কমিটিতে অংশীজনদের সাথে নিয়ে গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্ধন হবে। এটা টিআইবির কোনো বিষয় না। তা সত্ত্বেও বিবৃতি দিয়ে তারা বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে, যা এ প্রক্রিয়ায় সহায়ক তো নয়ই, বরং অন্তরায়।” 

সোমবার সংসদে জাতীয় সংসদে ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ তোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। পরে বিলটি পরীক্ষা করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। 

প্রস্তাবিত আইনে গণমাধ্যমকর্মীদের চাকরির সুরক্ষা, সংশ্লিষ্ট সুবিধাদি ও অধিকার ‘নিশ্চিত করা হয়নি’ বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যমকর্মী আইন সাংবাদিক, গণমাধ্যমকর্মীদের জন্য। এটা দুর্নীতির কোনো বিষয় নয়। আর আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, সাংবাদিক নেতাদের সাথে আলাপ-আলোচনা করে এটি পরিবর্ধন-পরিমার্জন করা হবে। 

“তাদের সাথে এ নিয়ে আমার আলোচনাও হয়েছে। টিআইবি আগ বাড়িয়ে বিবৃতি দিয়ে বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে -এর মধ্যে দুরভিসন্ধি আছে।” 

আওয়ামী লীগ 'ডাকাতের সরকারে’ পরিণত হয়েছে, টিসিবি কার্ডও দলীয়করণ করেছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল সাহেব ইদানিং যে ভাষায় কথা বলছেন তা সিনিয়র রাজনীতিকের ভাষা নয় এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। 

“তিনি আওয়ামী লীগকে ডাকাত বলেছেন, আসলে তারা যখন ক্ষমতায় ছিলেন- তখন বিশ্বডাকাতে পরিণত হয়েছিলেন এবং সেজন্য তাদের হাতে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।" 

টিসিবির কার্ড বিতরণে কোনো অনিয়ম হয়নি দাবি করে তিনি বলেন, “দলমত নির্বিশেষে ন্যায্য প্রাপ্যতার ভিত্তিতেই এক কোটি পরিবারকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যাতে পাঁচ কোটি মানুষ উপকারভোগী। 

“এখানে আমাদের দলীয় কোনো নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়নি। জনপ্রতিনিধিবৃন্দ, যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি- বিভিন্ন দল থেকেই রয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে সবকিছুর মধ্যে রাজনীতির গন্ধ খোঁজাই বিএনপির সমস্যা। 

জনগণের মধ্যে স্বস্তি ফেরায় বিএনপি নেতারা ‘অসংলগ্ন কথা বলছেন’ মন্তব্য করে তিনি বলেন, “আসলে… জনগণ সাধুবাদ দেওয়াতে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে; তারা উদভ্রান্তের মতো কথা বলছেন।” 

Share if you like

Filter By Topic