খুলনায় যমজ বোনের লাশ উদ্ধার: মায়ের বিরুদ্ধে হত্যা মামলা
এফই অনলাইন ডেস্ক |
Published:
February 19, 2022 11:32:08
| Updated:
February 19, 2022 18:18:20
খুলনার তেরখাদা উপজেলার একটি পুকুর থেকে যমজ দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় তাদের মা কানিজ ফাতেমা কণার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার এসআই এনামুল হক জানান, শুক্রবার রাতে শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
ওইদিন সকালে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের খায়ের শেখের বাড়ির পুকুর থেকে আড়াই মাস বয়সী মণি ও মুক্তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মণি ও মুক্তা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাসুম বিল্লাহর সন্তান। তাদের নানা খায়ের শেখ।
মনি ও মুক্তার লাশ উদ্ধারের পর তাদের মাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পরে বাকি দুজনকে ছেড়ে দেওয়া হলেও কণাকে আটক রাখা হয় বলে এসআই জানান।
মৃত শিশুদের পরিবারের বরাতে তেরখাদা থানার ওসি জহুরুল আলম জানান, কণার স্বামী একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। আবার সন্তানসম্ভবা হওয়ায় দুই কন্যাশিশুকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়ি যান কণা।
বৃহস্পতিবার রাতে কণা দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তাদের দেখতে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা পাশের পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে।