হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
দলের চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরতে গিয়ে শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব একথা বলেন।
তিনি বলেন, আমি গতকাল রাতে দেখতে ম্যাডামকে গিয়েছিলাম হাসপাতালে। গতকাল আমার দেখে একটু ভালো লেগেছে, ভালো লেগেছে যে, আমি তার মুখে একটু হাসি দেখেছি। যেটা এই কদিন ছিল না, একেবারেই ছিল না।
গতকাল আমি ডাক্তারদের কাছ থেকে তার চিকিৎসার যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে, তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার টেম্পারেচারটা এখন নেই এবং তার শ্বাসকষ্টও নেই।
তবে কোভিড পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনি কিছুটা অ্যাফেক্টেড হওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানান ফখরুল।
তিনি বলেন, তারা চেষ্টা করছেন যে, এটাকে কি করে তারা নিরাময় করবেন। ডাক্তার সাহেবরা আমাদেরকে যেটা বলেছেন যে, তার উন্নত চিকিৎসা উন্নত সেন্টারে যেখানে সমস্ত ইকুপমেন্টগুলো আছে যেগুলো দিয়ে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব, যেটা এখানে নেই।
এখানেও (এভারকেয়ার হাসপাতাল) ভালো। কিন্তু সেগুলো এভেলেবল না।
এই কারণেই পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা হলেও সুস্থ হয়ে তাদের বিরুদ্ধে কাজ শুরু করবেন ভয়ে সেটা দেয়নি বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড প্রতিদিন তার অবস্থা মনিটর করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। একইসঙ্গে তারা আমেরিকা ও ইংল্যান্ড- দুই দেশে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে।