দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশের মেয়েরা। জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তারের ত্রিমুখী আক্রমণে দলীয় পঞ্চাশের আগেই অলআউট জিম্বাবুয়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাই শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে এই দুই দল। বুলাওয়ায়োতে বুধবার প্রথম ওয়ানডেতে ২৩.৩ ওভার খেলে জিম্বাবুয়ের মেয়েরা করতে পারে মোটে ৪৮ রান।
এই প্রথম কোনো দলকে ওয়ানডেতে পঞ্চাশের আগে থামাতে পারল বাংলাদেশ। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার ৭৫ ছিল বাংলাদেশের বিপক্ষে আগের সর্বনিম্ন।
গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সবশেষ খেলেছে তারা ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তান সফরে।
ফেরার ম্যাচে বাংলাদেশের মূল স্ট্রাইক বোলার জাহানারা আলম ৩ উইকেট নেন ১৮ রানে। তার নতুন বলের সঙ্গী অভিজ্ঞ অফ স্পিনার সালমা খাতুন ৭ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। বাঁহাতি স্পিনার নাহিদার শিকার ৫.৩ ওভারে ২ রানে ৩ উইকেট।
টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে তৃতীয় ওভারে প্রথম সাফল্য এনে দেন জাহানারা। প্রথম স্পেলে এই পেসার নেন আরও ২ উইকেট। মাঝে সালমা নেন একটি উইকেট। ২০ রানে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি।
মিডল অর্ডারে ছোবল দেন নাহিদা। এছাড়া একটি উইকেট নেন রিতু মনি। শেষ দিকে সালমা ফিরে নেন আরও দুই উইকেট।
জিম্বাবুয়ে শেষ ৪ জুটিতে যোগ করতে পারেনি একটি রানও। ৬ উইকেটে ৪৮ থেকে এই রানেই শেষ হয় তাদের ইনিংস।
বাংলাদেশ এই ম্যাচে পায়নি নতুন অধিনায়ক নিগার সুলতানাকে। আঙুলে চোট পাওয়া ব্যাটারের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার ফাহিমা খাতুন। নেতৃত্বে অভিষেক হলো তার এই ম্যাচ দিয়েই।
জিম্বাবুয়ের মেয়েদের দলটি অবশ্য বেশ নবীন। টি-টোয়েন্টি প্রথম খেলে তারা ২০১৯ সালে, ওয়ানডে খেলতে শুরু করেছে স্রেফ গত মাস থেকে। হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে অবশ্য খুব খারাপ করেনি তারা। একটি ম্যাচ জিতে নেয় ২৫৪ রান তাড়া করে, অন্য তিন ম্যাচ হারলেও রান করে ২২৭, ২০৬ ও ১৭৮। কিন্তু বাংলাদেশের সামনে তারা পারল না দাঁড়াতে।
