Loading...

কোরিয়ার সঙ্গে ১০ কোটি ডলারের ঋণচুক্তি

| Updated: December 22, 2021 15:17:41


প্রতীকী ছবি প্রতীকী ছবি

কোভিড-১৯ মহামারীর অভিঘাত থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ১০ কোটি ডলারের ঋণ সহায়তা দিতে চুক্তি করেছে দক্ষিণ কোরিয়া।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ৮৫৮ কোটি টাকা। মাত্র দশমিক শূন্য ৫ শতাংশ সুদসহ এ ঋণটি ১৫ বছরের রেয়াতকালসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী ও কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক কিম তাইসো চুক্তিতে সই করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত অক্টোবরে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশকে ৭০ কোটি ডলার ঋণ দিতে কোরিয়া যে রূপরেখা চুক্তিতে সই করেছিল, তার আওতায় নতুন এই ঋণচুক্তি হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দক্ষিণ কোরিয়া ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে এই ঋণ দেওয়া হচ্ছে। উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে এ তহবিল থেকে সহায়তা দেয় কোরিয়া।

‘টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার ঋণ কর্মসূচির’ আওতায় দেওয়া এ বাজেট সহায়তা তহবিল সরকার অগ্রাধিকার খাতে ব্যয় করতে পারে।

এই তহবিল কোভিড-১৯ মহামারী থেকে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

১৯৯৭ সাল থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে এক্সিম ব্যাংকের মাধ্যমে কোরিয়া ‘নমনীয় ঋণসহায়তা’ দিয়ে আসছে।

কোরিয়ার আর্থিক সহায়তায় বাংলাদেশ এর মধ্যে ৪৬ কোটি ৯৭ লাখ ডলার ব্যয়ে ১৫টি প্রকল্প বাস্তবায়ন করেছে। ৬৬ কোটি ৬২ লাখ ৮০ হাজার ডলার ব্যয়ের ৮টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

এ পর্যন্ত বাংলাদেশের জন্য প্রায় ১৩৩ কোটি ডলারের নমনীয় ঋণ মঞ্জুর করেছে কোরিয়া সরকার। এই অঙ্ক তার উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

Share if you like

Filter By Topic