কোভিডে এক দিনে ২৬৪ মৃত্যুর রেকর্ড


FE Team | Published: August 05, 2021 17:53:42 | Updated: August 06, 2021 10:05:22


কোভিডে এক দিনে ২৬৪ মৃত্যুর রেকর্ড

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

ভাইরাস নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে এর আগে ২৭ জুলাই এক দিনে ২৫৮ জনের মৃত্যুর খবর এসেছিল, সেই রেকর্ড ১০ দিনও টিকল না।

গত এক দিনে মারা যাওয়া ২৬৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২১ হাজার ৯০২ জনে পৌঁছাল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ৪৭ হাজার নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ৭৪৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৭৮৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

আগের দিন বুধবার সারা দেশে প্রায় ৫০ হাজারের মত নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১৩ হাজার ৮১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। আর এক দিনে মৃত্যু হয় ২৪১ জনের।

সেই হিসেবে এক দিনে শনাক্ত রোগীর সখ্যা কিছুটা কমে এলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like