কোভিড: ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ-মৃত্যু দুটোই বেড়েছে


FE Team | Published: November 17, 2021 18:07:15 | Updated: November 18, 2021 14:06:09


শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে রোগী। ফাইল ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয়জন মারা গেছে, শনাক্ত হয়েছে আরও ২৬৬ রোগী।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দুটো সংখ্যাই আগের দিনের চেয়ে বেশি। মঙ্গলবার ২১৩ রোগী শনাক্ত এবং ২ জনের মৃত্যুর খবর এসেছিল।

বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬৬ জনকে নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আরও ছয়জনের মৃত্যুতে মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৫৭ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

এই তথ্য অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৫৬। অর্থাৎ জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩৫।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯২৪টি। সার্বিক শনাক্তের হার ১৪ দশমিক ৭৭। শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছে, তার ২০৫ জনই ঢাকা বিভাগের, যা মোট সংখ্যার ৭৭ শতাংশের বেশি।

যে ছয়জন মারা গেছে, তাদের মধ্যে তিনজন সিলেট বিভাগের, ২ জন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি। ৩২টি জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share if you like