রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে কোভিড আক্রান্ত আরও আটজনের মৃত্যু হয়েছে; এছাড়া এই রোগের উপসর্গ ছিল, এমন আরও নয় জনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে করোনা ইউনিটে এদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন।
এ নিয়ে চলতি মাসে (১-২৬ জুলাই) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৩ জনে। এর আগে জুন মাসে মৃতের সংখ্যা ছিল ৪০৫ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।
সোমবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯৯ জনের মধ্যে ১৭৪ জনের করোনাভাইরাস পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।
হাসপাতাল পরিচালক জানান, রোববার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ৩০ দশমিক ৭৮ শতাংশ। যা আগের দিন শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।
