কোভিড: দৈনিক মৃত্যু একশর নিচে নামল, ৯ সপ্তাহে সর্বনিম্ন


FE Team | Published: August 28, 2021 17:59:32 | Updated: August 28, 2021 18:02:12


কোভিড: দৈনিক মৃত্যু একশর নিচে নামল, ৯ সপ্তাহে সর্বনিম্ন

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার ধারার সঙ্গে দৈনিক মৃত্যুও একশর নিচে নেমেছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর

গত ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গত ৯ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত ২৬ জুন ৭৭ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর মৃতের সংখ্যা বাড়তে বাড়তে আড়াইশ ছাড়িয়েছিল। অগাস্টের মধ্য থেকে কমতে শুরু করলেও একশর নিচে নামল শনিবারই প্রথম।

নতুন ৮০ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত দিনের চেয়ে কমেছে। এই সময়ে ৩ হাজার ৪৩৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, এই সংখ্যা ১০ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯।

তবে গত দিনের তুলনায় শনাক্তের হার কিছুটা বেড়েছে। শুক্রবার এ্ই হার ১২ এর ঘরে থাকলেও শনিবার তা বেড়ে হয়েছে ১৩ দশমিক ৬৭।

গত এক দিনে ৪ হাজার ৮৬১ জন কোভিড রোগীর সুস্থ হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এই পর্যন্ত সেরে উঠলেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

Share if you like