Loading...
The Financial Express

কোভিড: দেশে শনাক্ত রোগী ১৩ লাখ ছাড়াল

| Updated: August 05, 2021 10:08:31


কোভিড: দেশে শনাক্ত রোগী ১৩ লাখ ছাড়াল

সাত দিনে আরও এক লাখ মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ হাজার নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৮১৭ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তাতে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।  

দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২১ হাজার ৬৩৮ জনের পৌঁছেছে।

আগের দিন মঙ্গলবার সারা দেশে ৫৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১৫ হাজার ৭৭৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়। আর এক দিনে মৃত্যু হয় ২৩৫ জনের। সেই হিসেবে এক দিনে শনাক্ত রোগীর সখ্যা কিছুটা কমে এলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫ হাজার ৭১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের ৪১ শতাংশের বেশি।

আর এই সময়ে যে ২৪১ জন মারা গেছেন, তাদের ৯৩ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৬৮ জন এবং খুলনা বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৬ হাজার ১১২ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪২ লাখ ৪২          হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ১৯ কোটি ৯৩ লাখের বেশি রোগী।

বাংলাদেশ গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। মোট আক্রান্তের সংখ্যা এক  লাখ ছাড়ায় গত বছরের ১৮ জুন।

এক মাসের মধ্যে আরও এক লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে মোট শনাক্ত দুই লাখ ছাড়ায় গত বছরের ১৮ জুলাই।

এরপর ২৬ অগাস্ট তিন লাখ, ২৬ অক্টোবর ৪ লাখ, ২০ ডিসেম্বর ৫ লাখ, ২৯ মার্চ ৬ লাখের ঘর ছাড়ায় করোনাভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা।

এরপর সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। ১৪ এপ্রিল ৭ লাখ, ৩১ মে  ৮ লাখ, ২৯ জুন ৯ লাখ ছাড়ানোর পর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ জুলাই ১০ লাখের মাইল ফলকও ছাড়িয়ে যায়।

নয় দিন পর ১৮ জুলাই সেই সংখ্যা পৌঁছায় ১১ লাখে। তা ১২ লাখে পৌঁছায় ২৮ জুলাই। সেদিনই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

১২ লাখ থেকে মোট শনাক্ত রোগী ১৩ লাখে পৌঁছাতে সময় নিল মাত্র সাত দিন। এত কময় সময়ে এক লাখ কোভিড রোগী আগে কখনও শনাক্ত হয়নি।

দেশে প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২ অগাস্ট তা ২১ হাজার ছাড়ায়। তার আগে ২৭ জুলাই রেকর্ড ২৫৮ জনের মৃত্যুর খবর আসে।

Share if you like

Filter By Topic