এক মাস পর চট্টগ্রামে দিনে কোভিড রোগী শনাক্তের সংখ্যা দুশর নিচে নেমেছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় আগের ২৪ ঘণ্টায় ১৮২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এর আগে গত ১১ জানুয়ারি ২০৭ জন কোভিড রোগী শনাক্তের খবর এসেছিল। সেদিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ১ শতাংশ।
তার আগে ৯ জানুয়ারি শনাক্তের সংখ্যা একশ ছাড়ায়। ১০ জানুয়ারি তা বেড়ে হয় ১১৯ জন। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে এরপর থেকে লাফিয়ে বাড়ছিল রোগীর সংখ্যা।
১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় করোনভাইরাস শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ায়। ২৩ জানুয়ারি তা ৩৫ শতাংশও ছাড়ায়। ২৪ জানুয়ারি তা ৪০ শতাংশে উঠেছিল।
২৬ জানুয়ারি শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ১২ শতাংশ। তারপর থেকে ধীরে ধীরে শনাক্তের হার কমছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ২ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
শনাক্ত ১৮২ জনের মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ১০৯ জন।
গত ২৪ ঘন্টায় কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নগরীর ৭৩৪ জন এবং উপজেলাগুলোর ৬২৬ জন।
এ পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর বাসিন্দা ৯০ হাজার ৮৬৯ জন।