চট্টগ্রাম জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার ৩ শতাংশের নিচে নেমে এসেছে।
সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। গত এক দিনে কোভিডে আক্রান্ত কারো মৃত্যু হয়নি এ জেলায়।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নতুন রোগীদের মধ্যে ৬১ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা, বাকি আটজন থাকে বিভিন্ন উপজেলাগুলোয়।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার শুরুর পর সারা দেশের মত চট্টগ্রামেও জানুয়ারির শুরুতে সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। ৯ জানুয়ারি এ জেলায় শনাক্ত রোগীর সংখ্যা একশ ছাড়ায়। এক পর্যায়ে তা হাজারে পৌঁছায়।
দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে চট্টগ্রামে শনাক্তের হার ২৪ জানুয়ারি পৌঁছে যায় ৪০ শতাংশে। এরপর তা ধীরে ধীরে কমতে শুরু করে। ১৪ ফেব্রুয়ারি নেমে আসে ৫ শতাংশে নিচে।
স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা বলছেন, শনাক্তের হার টানা দুই সপ্তাহ ৩-৫ শতাংশের মধ্যে থাকলে কেবল তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে মনে করা যাবে।
মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম জেলায়। তাদের মধ্যে ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে।