কোভিড: খুলনায় একদিনে সর্বোচ্চ ২২ মৃত্যু


এফই ডেস্ক | Published: June 19, 2021 15:40:20 | Updated: June 19, 2021 18:53:23


ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় মারা গেছেন আরও ২২ জন, যা এখন পর্যন্ত এই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা শনিবার দুপুরে এতথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ সাত জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬২৫ জনের কোভিড শনাক্ত হয়েছে; সুস্থ হয়েছেন ১৯২ জন।

মৃত বাকিদের মধ্যে খুলনা জেলার তিন জন, সাতক্ষীরার চার জন, যশোরের তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, মেহেরপুরে দুইজন ও ঝিনাইদহের একজন রয়েছেন।

এর আগে এই বিভাগে কোভিডে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়। তবে পরদিন আট জনের মৃত্যু হয়।

রাশেদা সুলতানা বলেন, শনিবার সকাল পর্যন্ত বিভাগে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৭। মোট শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১২৬ জন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ১৪৯ জন হয়েছে। এতে মোট শনাক্ত বেড়ে হয়েছে ১২ হাজার ৫৯৮ জন। মারা গেছেন মোট ২০৬ জন এবং সুস্থ হয়েছেন নয় হাজার ৯৩৪ জন।

এদিকে কোভিড সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় খুলনায় মঙ্গলবার থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, লকডাউন চলাকালে খুলনা নগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সবধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Share if you like