দেশে গত একদিনে আরও ১১ হাজার ৪৬৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ২৪৫ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৪৬৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন কোভিড রোগী শনাক্ত হল; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হল মোট ২২ হাজার ৮৯৭ জনের।
আগের দিন রোববার সারা দেশে ১০ হাজার ২৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ২৪১ জনের। সেই হিসেবে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা এক দিনে বেড়েছে।
গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৬ হাজার ৯৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।
আর এই সময়ে যে ২৪৫ জন মারা গেছেন, তাদের ৮৩ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৭১ জন এবং খুলনা বিভাগে ২৫ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৪ হাজার ৪১২ । তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে গত জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বেড়ে ১৩ লাখ পেরিয়ে যায় গত ৪ অগাস্ট। এর মধ্যে ২৮ জুলাই দেশে দিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৬ অগাস্ট তা ২২ হাজার ছাড়িয়ে যায়। তার আগের দিন রেকর্ড ২৬৪ জনের মৃত্যুর খবর আসে।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪২ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২০ কোটি ২৬ লাখের বেশি রোগী।