দেশে এক দিনে আরও ২১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মারা গেছেন ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯০১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২০৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৬৩ জনই ঢাকা বিভাগের যা মোট আক্রান্তের অর্ধেকের বেশি। গত ২৪ ঘন্টায় দেশের ৩০ জেলায় নতুন করে কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
যারা মারা গেছেন তাদের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের, ২ জন খুলনা বিভাগের। দেশের বাকি ৬ ছয় বিভাগে কারও মৃত্যু হয়নি।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫০ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৮ লাখের বেশি রোগী।
