Loading...
The Financial Express

কোভিড-১৯ রোগী শনাক্তের হার ফের ১৫ শতাংশ ছাড়াল

| Updated: June 26, 2022 11:38:35


কোভিড-১৯ রোগী শনাক্তের হার ফের ১৫ শতাংশ ছাড়াল

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে গত একদিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও শনাক্তের হার ফের ১৫ শতাংশ ছাড়িয়েছে, সেই সঙ্গে এসেছে তিনজনের মৃত্যুর খবর। 

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি। গত প্রায় তিন মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে তিনজনের মৃত্যু আর হয়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করে ১২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন শুক্রবার ১৬৮৫ জন আক্রান্তের খবর এসেছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে।

এর আগে এক দিনে তিন জনের মৃত্যু হয়েছিল গত ২০ মার্চ। তারপর করোনাভাইরাসে মৃত্যু কমে এসেছিল। মাঝে টানা ২০ দিন কোভিডে মৃত্যুহীন ছিল বাংলাদেশ। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ। এর আগে গত ১২ ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১০২ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন সেরে উঠলেন।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।

তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার একশ ছাড়িয়ে যায়। ১২ দিনের মাথায় শুক্রবার তা দেড় হাজারের ঘরও ছাড়ায়।

Share if you like

Filter By Topic